পিরোজপুরের মঠবাড়িয়া সদর ইউনিয়নের মিঠাখালী আলম বাজারে স্থানীয় বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা শাটারের তালা ভেঙে ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় এই হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা কার্যালয়ে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও একটি এলইডি টেলিভিশন ভাঙচুর করে। একই সঙ্গে তারা কার্যালয়ে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে ভাঙচুরের শব্দ শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগোলে দুর্বৃত্তরা স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে রাতেই মঠবাড়িয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুটি ভাঙা প্লাস্টিকের চেয়ার, ভাঙা টেলিভিশন, একটি তালা এবং কস্টেপ দিয়ে মোড়ানো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
ঘটনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী জানান, বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এবং তারা ঘটনাস্থল ঘুরে দেখেছে। এ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত ও তথ্য সংগ্রহ করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।







