চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের মোটরসাইকেল আটককে কেন্দ্র করে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এসপি কার্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে তাঁরা প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেন।
ঘটনার বিবরণে পুলিশ জানায়, সোমবার বিকেলে শহরের নিউমার্কেট এলাকার এক চেকপোস্টে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারের মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র পরীক্ষা করে ট্রাফিক পুলিশ। নিবন্ধন সনদ দেখাতে না পারায় গাড়িটি আটক করা হলে দায়িত্বরত টিএসআই উজ্জ্বল কুমারের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান আক্তার।
তবে চালকের অভিযোগ, তাঁর গাড়িটি নিবন্ধিত থাকা সত্ত্বেও অন্যায়ভাবে গাড়ির চাবি ও মোবাইল ফোন কেড়ে নেয় পুলিশ। এর প্রতিবাদ জানাতে এবং ট্রাফিক পুলিশ সদস্যদের বিরুদ্ধে নালিশ করতে তাঁরা এসপি অফিসের সামনে অবস্থান নিয়েছিলেন বলে দাবি করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক।
ঘটনার পর দ্রুত অর্ধশতাধিক নেতাকর্মী এসে এসপি কার্যালয়ের প্রধান ফটক ঘেরাও করেন। এতে পুলিশ সদস্যরা কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় খবর সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের ছবি ও ভিডিও ধারণে বাধা প্রদান এবং ভিডিও মুছে ফেলার চাপ তৈরির অভিযোগ ওঠে নেতাকর্মীদের বিরুদ্ধে।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ ঘটনাস্থলে পৌঁছে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চাঁদাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম জানান, পুরো ঘটনাটি ভুল-বোঝাবুঝি থেকে ঘটেছে এবং আলোচনার ভিত্তিতে তার সমাধান হয়েছে। সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে স্বীকার করেন তিনি।
