ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পর একাধিক বিশ্বনেতা অসুস্থ হয়ে পড়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে ভারত। একই সঙ্গে এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেকিং ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টিকে ‘ফেক অ্যালার্ট’ হিসেবে উল্লেখ করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ও ক্ষতিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে চায়না ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে দাবি করেন, ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্ট্রোকে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়েছিলেন। পরে চিকিৎসার জন্য বিশেষ বিমানে তাকে চীনে ফিরিয়ে নেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
তবে শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে চীন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে ওই দাবির সত্যতাও নিশ্চিত করা যায়নি।
এদিকে ব্রিকস সম্মেলন থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তাঁর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শে তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন। এ কারণে তিনি কোনো জনসংযোগমূলক কর্মসূচিতে অংশ নেবেন না। তাঁর অনুপস্থিতিতে মন্ত্রিসভার সদস্যরা দেশের প্রতিনিধিত্ব করবেন।
তবে রামাফোসা ভারত সফরের সময় অসুস্থ হয়েছিলেন, নাকি দেশে ফেরার পর অসুস্থ হয়েছেন—এ বিষয়ে তাঁর দপ্তরের বিবৃতিতে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
গত ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস







