দুর্নীতি ও দখলদারিত্বই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল ‘বিজনেস মডেল’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক কূটনীতিক সাকিব আলী। তিনি দাবি করেন, এই রাজনৈতিক দলটি দুর্নীতি ও চাঁদাবাজির ওপর ভিত্তি করে টিকে রয়েছে এবং সূর্য পশ্চিম দিকে উঠলেও তাদের এই সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়।
গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জামায়াতে ইসলামী আয়োজিত ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজার: বাংলাদেশের অংশীদারিত্ব’ শীর্ষক সেমিনারে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
সাকিব আলী বলেন, জামায়াতে ইসলামীর আমির যদি দেশব্যাপী দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম শুরু করেন, তবে বিএনপি রাজনৈতিকভাবে মুখ থুবড়ে পড়বে। কারণ দুর্নীতির বাইরে এই দলের কোনো নির্দিষ্ট আদর্শ বা দেশগঠনের সদিচ্ছা নেই। বিএনপি-আওয়ামী লীগের মতো দলগুলো দুর্নীতি ছাড়া রাজনৈতিকভাবে টিকতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।
মালয়েশিয়ার শ্রমবাজার ও ম্যানপাওয়ার খাতের সিন্ডিকেট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, স্বজনপ্রীতি বা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে এই জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো প্রয়োজন। দেশে কোটি কোটি মানুষ গুটিকয়েক দুর্নীতিবাজ ও চাঁদাবাজের জুলুমের শিকার হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় জামায়াতে ইসলামীই একমাত্র রাজনৈতিক দল যা দুর্নীতির ওপর নির্ভরশীল নয়। দেশ ও জাতিকে এই পরিস্থিতি থেকে উত্তরণে জামায়াতের নেতৃত্ব ও সহায়তা অপরিহার্য বলে তিনি একাত্মতা প্রকাশ করেন।
