পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় জুমার নামাজের সময় একটি মসজিদের কাছে শক্তিশালী আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই হামলায় ৫০ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ সদস্য এবং ১১ জন সাধারণ মুসল্লি রয়েছেন।
প্রাদেশিক রাজধানী পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পুরোনো পুলিশ লাইনস এলাকায় একটি মসজিদের বাইরে এই বিস্ফোরণটি ঘটে। পুলিশ সূত্রের খবর, মুসল্লিরা যখন জুমার নামাজ আদায় করছিলেন, ঠিক তখনই হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে মসজিদের প্রবেশদ্বারে আঘাত হানে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলে বিশাল গর্তের সৃষ্টি হয়।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) জুলফিকার হামিদ জানান, গাড়ি বোমা বিস্ফোরণের পর কয়েকজন সশস্ত্র হামলাকারী কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) ভবনের দিকে অগ্রসর হলে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়। তবে আরও তিনজন হামলাকারী পাশেই অবস্থিত স্পেশাল ব্রাঞ্চের ভবনের দিকে ঢুকে পড়ে।
ঘটনার পর পর উদ্ধারকারী দল ‘রেসকিউ ১১২২’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কোহাট জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি।
