ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি ও স্থানীয় নেতাদের হয়রানির প্রতিবাদ জানিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক এক নেতার দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। জামালপুরের ১৪ নম্বর দিগপাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত্যুর পূর্বে দেওয়া এক বক্তব্যে কফিল অভিযোগ করেন, ছোটখাটো পদ পেয়ে কিছু ব্যক্তি চরম ক্ষমতার অপব্যবহার করছেন। সম্প্রতি দিগপাইত ইউনিয়নের সেক্রেটারির ভাগনে অন্তর ও তাঁর লোকজনের মাধ্যমে শারীরিক লাঞ্ছনার শিকার হন বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি স্থানীয় পর্যায়ে গোপনে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের তীব্র সমালোচনা করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে কফিল মিয়া বলেন, অযোগ্য ও অসৎ ব্যক্তিদের নেতা বানানোর কারণে দলের বদনাম হচ্ছে। বড় বড় এমপি-মন্ত্রী নয়, বরং তৃণমূলের এসব সুবিধাবাদী নেতাই দলের সবচেয়ে বেশি ক্ষতি করছেন। এসব অপকর্ম ও হয়রানি বন্ধ না হলে বেশি দিন ক্ষমতায় থাকা সম্ভব হবে না বলেও তিনি সতর্ক করেন।
বক্তব্যে তিনি স্থানীয় সংসদ সদস্যের কাছে সুবিচারের দাবি জানান এবং শেষ পর্যায়ে কতিপয় নেতার কাছে ক্ষমাও প্রার্থনা করেন। এদিকে ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।






