ভোলার দৌলতখানে উপজেলা ছাত্রদলের এক নেতাসহ পাঁচ যুবককে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাঁদের ভোলার আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হাওলাদার (২৪), মধ্য জয়নগর এলাকার জাবের (২৪) ও জোনায়েদ (২৮) এবং কলাকোপা গ্রামের সাব্বির (১৯) ও রাসেল (২৫)। শাকিল হাওলাদারের রাজনৈতিক পরিচয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এবং তাঁদের হেফাজত থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইউনিয়ন ছাত্রদলের পদ পাওয়ার পর থেকে শাকিল হাওলাদার এলাকায় আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত পাঁচজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
