কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের (১৩) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোরের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহত ইশায়াত শাহরিয়ার কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় ইশায়াত। সন্ধ্যার পর থেকে তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া গেলে পরিবার পুলিশকে জানায় এবং সোশ্যাল মিডিয়ায় নিখোঁজের আকুতি জানিয়ে পোস্ট দেন তার মা। পরিবারের ট্রেকিং সূত্রে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত কোটবাড়ির গন্ধমতীতে ফোনটির সর্বশেষ অবস্থান নিশ্চিত হওয়া গিয়েছিল।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, দুপুর একটার দিকে জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরের কাছে থাকা দামী আইফোনটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল হাকিম এই ঘটনায় তীব্র শোক প্রকাশ করে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল নিখোঁজের পর থেকেই অনুসন্ধানে যুক্ত ছিল। মর্মান্তিক এই হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
