১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার।
শনিবার ঢাকা-রংপুর লংমার্চ শেষ হওয়ার পর রোববার দেওয়া এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়।
তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক এ কর্মসূচি সফল করতে পথের বিভিন্ন স্থানে হাজার হাজার নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধসহ সর্বস্তরের মানুষ তীব্র রোদ উপেক্ষা করে সড়কের দুই পাশে দাঁড়িয়ে লংমার্চের বহরকে অভিবাদন জানান।
বিবৃতিতে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা লংমার্চে অংশ নিয়েছেন এবং পথে পথে যারা আন্তরিকভাবে সহযোগিতা ও সংহতি জানিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
লংমার্চে অংশ নেওয়া ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থক, বিভিন্ন জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, স্থানীয় জনগণ, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদার, যানবাহনের চালক ও মালিক, পরিবহন শ্রমিক, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সিভিল ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ট্রাফিক বিভাগ এবং সড়ক সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান তিনি।
এ ছাড়া লংমার্চের সংবাদ সংগ্রহ ও প্রচারে দায়িত্ব পালনকারী প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, ক্যামেরাপার্সন এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানান মিয়া গোলাম পরওয়ার।
দীর্ঘ পথের কর্মসূচির কারণে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, জনগণের স্বার্থসংশ্লিষ্ট দাবিকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে যারা ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জনগণের ন্যায্য অধিকার ও আকাঙ্ক্ষা পূরণে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে ১১ দলীয় ঐক্যের কার্যক্রম অব্যাহত থাকবে।
সবশেষে ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে দেশবাসীর সহযোগিতার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তিনি। একই সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণকারী ও সহযোগিতাকারী সবার জন্য উত্তম প্রতিদান কামনা করেন।
