জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে আবারও সংঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন ও যুগ্ম-আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষে অন্তত ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে অর্থনীতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ এবং লোক প্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আহত অপরজনের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। সংঘর্ষের মূল কারণ ও সূত্রপাত সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছেন, ক্যম্পাস সংলগ্ন ভিক্টোরিয়া পার্ক এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে ঘটনার সূত্রপাত হয়। পরবর্তীতে এক পক্ষ অপর পক্ষকে ধাওয়া দিলে সংঘর্ষ ক্যাম্পাসের কাঁঠালতলা এলাকায় বিস্তৃত হয়। সেখানে দু’পক্ষের কর্মীদের হাতে রড ও লোহার পাইপ নিয়ে হামলায় অংশ নিতে দেখা যায়।
সার্বিক পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান জানান, সংঘর্ষের খবর পেয়ে ক্যাম্পাসে তাৎক্ষণিকভাবে পুলিশ ডেকে আনা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে। কেউ মারাত্মকভাবে আহত হয়নি, কয়েকজন সাধারণ আঘাত পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।







