জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণের জন্য নিউইয়র্ক সফরকালে বড় ধরনের বিক্ষোভ, সিকিউরিটি ঝুঁকি ও প্রশাসনিক জটিলতা এড়াতে সরাসরি প্রধান বেসামরিক বিমানবন্দরে না নামার পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘আই২৪নিউজ’-এর বরাতে জানা গেছে, নিউইয়র্ক শহরের মূল বিমানবন্দরের বদলে তিনি শহরের বাইরে অবস্থিত একটি সামরিক বিমানঘাঁটি অথবা নিউ জার্সির নিওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় মেয়র ও বিক্ষোভকারীদের সম্ভাব্য প্রতিরোধ এবং নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির কারণে এই বিকল্প ব্যবস্থা বিবেচনা করা হচ্ছে। বিকল্প ঘাঁটি বা সামরিক বিমানবন্দরে নামার পর সেখান থেকেই সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীতে নেতানিয়াহুকে ম্যানহাটন ও জাতিসংঘ সদর দফতরে নিয়ে যাওয়া হবে।
আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। সফর সংক্ষিপ্ত করে জাতিসংঘে ভাষণ শেষেই দ্রুত ইসরায়েলে ফিরে যাবেন তিনি।
এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর এই সফরকে কেন্দ্র করে জাতিসংঘের বাইরে ও ম্যানহাটনের রাজপথে বিশাল গণবিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও ফিলিস্তিনপন্থী সংগঠনগুলো।







