ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসার আগ্রহের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে ইঙ্গিত দেন। একই সঙ্গে ইরানকে ঘিরে পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনো সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে রয়েছেন বলেও জানান তিনি। ট্রাম্পের ভাষায়, সামনে ‘খুব বড় কিছু’ ঘটতে পারে।
রোববার ফক্স নিউজের সংবাদদাতা ট্রে ইয়িংস্টের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানকে অবশ্যই ‘সীমার মধ্যে’ থাকতে হবে। এ সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামনে একাধিক বিকল্প রয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প। তাঁর বক্তব্য অনুযায়ী, এসব বিকল্পের মধ্যে ইরানকে ‘পুরোপুরি ধ্বংস করে দেওয়া’, দেশটির ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা কিংবা একটি সমঝোতায় পৌঁছানোর বিষয় রয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পেজেশকিয়ান নিউইয়র্কে যাবেন। সেখানে তাঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি এ ধরনের বৈঠকের বিষয়ে ‘সম্ভবত আগ্রহী’।
সূত্র: আরব নিউজ
