সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি মসজিদের ভেতরে চেয়ার, টেবিল ও সোফা বসিয়ে বিএনপির স্থানীয় সংসদ সদস্য মো. আয়নুল হকের একটি অনুষ্ঠান আয়োজনের ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা কওমিয়া মাদ্রাসা জামে মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি রাজনৈতিক কর্মসূচি ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠলেও উপস্থিত বিএনপি নেতারা দাবি করেছেন, সভাটি মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হয়েছিল।
রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম বলেন, কোদলা কওমিয়া মাদ্রাসা ও জামে মসজিদ পরিচালনায় বড় অঙ্কের অর্থ বকেয়া রয়েছে। সেই অর্থ পরিশোধে সহযোগিতা চেয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমপি আয়নুল হকসহ তাদের আমন্ত্রণ জানানো হয়।
তিনি বলেন, সেখানে গিয়ে তারা দেখতে পান, মাদ্রাসা-মসজিদের ভেতরে সোফা ও চেয়ার বসিয়ে অতিথিদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানটি রাজনৈতিক কর্মসূচি না হওয়ায় তারা এতে আপত্তি করেননি।
শামসুল ইসলামের ভাষ্য, অনুষ্ঠানে মূলত মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন এবং ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মো. আয়নুল হক বর্তমানে জেলা বিএনপি, সিরাজগঞ্জের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। এর আগে তিনি রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের ভিপি হিসেবে তিনবার নির্বাচিত হন।







