বিয়ের প্রলোভন ও ব্যক্তিগত ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জাহিদ মুন্সিকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাজীপুরের পূবাইলের মাঝুখান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা-পুলিশ। পরবর্তীতে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত জাহিদকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। জাহিদ কালীগঞ্জ পৌরসভার মুনসুরপুর গ্রামের জাকির মিস্ত্রির ছেলে।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক নারী শিক্ষার্থীর সঙ্গে এনসিপি নেতা জাহিদ মুন্সির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই ছাত্রীকে একটি গেস্ট হাউজে নিয়ে প্রথমবার ধর্ষণ করা হয় এবং সেখানে কৌশলে তাঁর আপত্তিকর ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করা হয়।
পরবর্তীতে ওই গোপন ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল করার ভয় দেখিয়ে ভুক্তভোগী ছাত্রীকে বিভিন্ন রিসোর্ট, হোটেল এবং কলেজসংলগ্ন রেলওয়ের পরিত্যক্ত কোয়ার্টারে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। অন্যায়ের শিকার হয়ে গত ১৪ সেপ্টেম্বর ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত এনসিপি নেতা জাহিদ মুন্সি আত্মগোপনে চলে যান। কালীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, দীর্ঘ চেষ্টার পর পলাতক আসামির অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং আইনি প্রক্রিয়া মেনে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।







