ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল তৈরির কাঁচামাল ও ৯ হাজার কাগজের মুখোশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ইমনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া। পুলিশ জানায়, সম্প্রতি যাত্রাবাড়ী থানার সামনে ঘটা ককটেল বিস্ফোরণের তদন্তে ইমনের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর ভোররাতে কেরানীগঞ্জের বাগাশুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ১ কেজি ৫০০ গ্রাম কস্টিক সোডা, ১ কেজি ৬০০ গ্রাম সালফার, ৫ কেজি মার্বেল, ২ কেজি তারকাঁটা এবং ককটেল মোড়ানোর কাজ ও গুড়া করার নানা উপাদান উদ্ধার করা হয়। পাশাপাশি তিনটি কার্টনে থাকা ৯ হাজার কাগজের মুখোশ ও মুখোশ পরার ইলাস্টিক জব্দ করা হয়েছে, যা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিতরণের উদ্দেশ্যে রাখা হয়েছিল। ইমনের বিরুদ্ধে পূর্বেও শাহবাগ ও লালবাগ থানায় পৃথক দুটি মামলা রয়েছে।
অন্যদিকে, সম্প্রতি ককটেল বিস্ফোরণ ইস্যুতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ছড়ানো মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কর্মকর্তা বলেন, ওই বক্তব্যের প্রেক্ষিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন মনে করে পুলিশ। ভিডিওতে এনসিপি নেতা দাবি করেছিলেন, তাদের দেওয়া ৩টি রাজনৈতিক দাবি সরকার মেনে নিলেই ঢাকায় আর ককটেল ফুটবে না।
