গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রায় দুই শত পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল রানাকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জোনাসুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানকালে জুয়েল রানার কাছ থেকে ১৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার জুয়েল রানা জোনাসুর এলাকার হারুন শেখের ছেলে এবং তিনি কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পুলিশ জানিয়েছে, জুয়েল রানা দীর্ঘদিন ধরে রাজনীতির আড়ালে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং তাঁর বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত এই ছাত্রদল নেতাকে রোববারে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
