কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মহানগর ছাত্রদলের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১, সিপিসি-২। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লা মহানগর ছাত্রদলের ৭ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব ও গোবিন্দপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. মনজুরুল ইসলাম (৩০) এবং তাঁর সহযোগী দৌলতপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে মো. ছামির ইসলাম (২০)। আটকের পর তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে তাঁরা দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন এলাকায় অস্ত্র উঁচিয়ে ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ বিষয়ে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা জানান, ওই কমিটি পূর্ববর্তী নেতৃত্বের অনুমোদিত এবং তিনি ব্যক্তিগতভাবে মনজুরুলকে চেনেন না।
এসআরবি কুমিল্লার উপপরিচালক সালমান ইবনে আলম জানিয়েছেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের সাপেক্ষে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
