সাভারের আশুলিয়ায় শ্রীপুর এলাকায় মাদ্রাসা পরিচালনা ও মার্কেট দখল নিয়ে বিরোধের জেরে হামলা, চরম ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ‘তাহফিজুল কোরআনিল কারিম ফাজিল মাদ্রাসা’ কর্তৃপক্ষের পক্ষে প্রতিষ্ঠানটির উপপরিচালক (প্রশাসন) সৈয়দ সানজিদ বাদী হয়ে আশুলিয়া থানায় এই মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে ইমাম হাসান ও বিএনপি নেতা জাকির হোসেনের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি সশস্ত্র দল লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে দখলের চেষ্টা চালায়। নিরাপত্তা কর্মী বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হামলাকারীরা মাদ্রাসার আসবাবপত্র, দরজা, জানালা এবং ২০টি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধন করে। এ ছাড়া লকার থেকে নগদ ২০ লাখ টাকা, ল্যাপটপ ও ১০টি কম্পিউটার মনিটর লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও ট্রাস্টের দাবি, মাদ্রাসার নিজস্ব জমিতে নির্মিত মহাসড়ক সংলগ্ন একটি মার্কেট আসামিরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রেখেছিল। সম্প্রতি দখলদারদের সেখান থেকে উচ্ছেদ করার ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে এই হামলা ও লুটপাট চালানো হয়েছে। আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ইমাম হাসানকে প্রধান আসামি ও জাকির হোসেনকে দ্বিতীয় আসামিসহ ৭৪ জনের বিরুদ্ধে লিখিত এজাহার গৃহিত হয়েছে।
তবে সব অভিযোগ অস্বীকার করে ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন দাবি করেন, বাদী সৈয়দ সানজিদ নিজেই অবৈধভাবে মাদ্রাসাটি দখল করে রেখেছিলেন। সানজিদের অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী তাকে প্রতিহত করেছে মাত্র। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এসআই রফিকুল ইসলাম জানান, ঘটনাটির তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
