ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আকছিনা-কুল্লাবাড়ি মডার্ন স্কুলের এক শিক্ষিকাকে দিনদুপুরে পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে। কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর (৩৫) বিরুদ্ধে এই অভিযোগ এনে কসবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামে ওই শিক্ষিকার পথরোধ করেন ছাত্রদল নেতা দেলোয়ার। ভুক্তভোগী কথা বলতে রাজি না হওয়ায় দেলোয়ার একটি পিস্তল বের করে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাঁকে একটি সিএনজিতে তুলে নেন। সিএনজির ভেতরে দেলোয়ারের সাথে থাকা অপর এক অজ্ঞাত ব্যক্তি শিক্ষিকার গলায় ধারালো ছুরি ধরে মুখ চেপে রাখে। পরবর্তীতে সিএনজিটি কুল্লাবাড়ি জোড়া ব্রিজের কাছে পৌঁছালে শিক্ষিকা চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে স্থানীয়দের সহায়তায় আত্মরক্ষা করেন।
তবে ঘটনার সত্যতা অস্বীকার করে অভিযুক্ত ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন জিন্নাহর দাবি, ওই শিক্ষিকার সঙ্গে তাঁর পূর্বপরিচয় ছিল এবং উভয়ের সম্মতিক্রমেই তাঁরা সিএনজিতে ঘোরাঘুরি করছিলেন। রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই তাঁর বিরুদ্ধে অপহরণের মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তিনি। অন্যদিকে, ভুক্তভোগী শিক্ষিকা সম্পর্কের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট উল্লেখ করে জানান, বর্তমানে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
