কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর সড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গোলাম কিবরিয়া লালন প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।
স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার বেলা ৩টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাসে সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। এ সময় শিক্ষক গোলাম কিবরিয়া লালন প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।
শিক্ষার্থীদের অভিযোগ, ওই সময় শিক্ষক প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে তাদের উদ্দেশে বিরূপ মন্তব্য করেন। এ ঘটনায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ক্লাস শেষে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে অভিভাবকদের বিষয়টি জানালে তা এলাকায় ছড়িয়ে পড়ে।
এরপর বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করে বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার বলেন, তিনি মঙ্গলবার রাতে বিষয়টি জানতে পারেন। বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে অভিযুক্ত শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রধান শিক্ষক জানান, শিক্ষক গোলাম কিবরিয়া লালন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, প্রধানমন্ত্রী দীর্ঘদিন দেশের বাইরে থাকায় বাংলা ভাষায় তার উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে—এমন মন্তব্য করেছিলেন তিনি।
পরে পুলিশ বিদ্যালয়ে এসে শিক্ষক লালনকে আটক করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
