কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বিএনপি নেতা মাওলানা জাকির হোসেনের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে লালমাই উপজেলা বিএনপির কার্যালয়ে ব্যাপক হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে উপজেলার বাগমারা দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থক আনোয়ার উল্যাহ, আক্তারুজ্জামান রকেট ও উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী বাগমারা বাইপাস এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাগমারা দক্ষিণ বাজারে পৌঁছালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে থাকে। এ সময় মিছিলকারীদের একটি অংশ হঠাৎ লালমাই উপজেলা বিএনপির কার্যালয়ে চড়াও হয়।
হামলাকারীরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় তিন শতাধিক চেয়ার, বড় টেবিল এবং ১৬টি বৈদ্যুতিক পাখা ভাঙচুর করে। এ সময় অফিসে সাঁটানো স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউছুফ আলী মীর পিন্টু অভিযোগ করেন, সিসিটিভি ফুটেজে দলীয় এমপি সমর্থিত যুবদল ও ছাত্রদলের চিহ্নিত নেতাদের প্রত্যক্ষ উপস্থিতিতে এই তাণ্ডব চালাতে দেখা গেছে। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত যুবদল নেতা জাবের আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
