গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে কলেজছাত্রীকে অপহরণের ঘটনায় কোনো কূলকিনারা না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন ভুক্তভোগীর মা। ঘটনার কয়েক দিন পার হয়ে গেলেও অপহৃত মেয়ের কোনো সন্ধান না পেয়ে বুধবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় নিজের জীবিত কিংবা মৃত সন্তানকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে আনতে আকুল আবেদন জানান স্বজনরা।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে ওই নারী অভিযোগ করে জানান, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক মো. রিজভী অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক তাঁর মেয়েকে তুলে নিয়ে যান। থানায় লিখিত অভিযোগ ও জিডি করার পরও পুলিশ থেকে আশানুরূপ সহযোগিতা পাচ্ছেন না বলে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বর্তমানে মেয়ে কোন অবস্থায় আছে—সে বিষয়ে কোনো তথ্যই তাঁদের কাছে নেই।
এর আগে ওই ঘটনার জেরে রিজভী, তাঁর বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ জমা দেয় পরিবার। বিষয়টি প্রকাশ্যে আসার পরই অপরাধমূলক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রিজভীকে পদ থেকে বহিষ্কার করে গাজীপুর জেলা ছাত্রদল। অভিযুক্ত রিজভী আত্মগোপনে থাকায় ও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়ায় এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর থেকেই বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একাধিক দল সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। অতি দ্রুতই অপহৃতকে উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
