রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় শুধু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় অবশেষে সরকার ও সরকারি দল সাংগঠনিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তবে এত বড় অপকর্মের ক্ষেত্রে কেবল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে দায়িত্ব শেষ করা যাবে না।
তিনি আরও বলেন, দেশবাসী অপরাধীদের বিরুদ্ধে কার্যকর, দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে।
একই সঙ্গে হামলা ও লুটপাটে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির।
