পিরোজপুরের নেছারাবাদে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের পুষ্টি নিশ্চিত করতে বরাদ্দ করা ‘স্কুল ফিডিং’ কর্মসূচির ৩০ প্যাকেট দুধ চুরির মারাত্মক অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নাদিম মাহমুদ উপজেলার সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। চুরির খবর জানাজানি ও তোলপাড় শুরু হলে শেষ পর্যন্ত বাজার থেকে ২৭ প্যাকেট দুধ কিনে এনে স্কুল কর্তৃপক্ষের কাছে ফেরত দিতে বাধ্য হয়েছেন ওই নেতা।
অনুসন্ধানে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর উপজেলার বলদিয়া ইউনিয়নের ১৪৮ নম্বর দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় নৌকাবাইচ উপলক্ষে পুলিশ কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতারা জড়ো হন। অতিথিদের অভ্যর্থনা ও আপ্যায়নে শিক্ষকরা ব্যস্ত থাকার সুযোগ নেন ছাত্রদল নেতা নাদিম মাহমুদ। এ সময় বিদ্যালয়ের লাইব্রেরিতে শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত ৭৯ প্যাকেট দুধের মধ্য থেকে ৩০ প্যাকেট কৌশলে সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর চলতি মাসের শেষ দিনে শিক্ষার্থীদের মাঝে নিয়ম অনুযায়ী দুধ বিতরণ করতে গেলে ৩০ প্যাকেট দুধ গায়েব হওয়ার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। বিষয়টি নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হলে দুধ চুরির প্রধান কারিগর হিসেবে ছাত্রদল নেতা নাদিম মাহমুদের নাম সামনে আসে।
চাপের মুখে পড়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ওই ছাত্রদল নেতা বাজার থেকে ২৭ প্যাকেট দুধ কিনে বিদ্যালয়ে এসে ফেরত দেন। এ ঘটনায় স্থানীয় রাজনীতি ও সুশীল সমাজে চরম ট্রল ও সমালোচনার ঝড় উঠেছে। ক্ষুব্ধ অভিভাবকেরা কোমলমতি শিশুদের বরাদ্দের ওপর হানা দেওয়া এই সুবিধাবাদী ও বিতর্কিত নেতার বিরুদ্ধে অবিলম্বে কঠোর দলীয় ও প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়েছেন।
