ভোলার বোরহানউদ্দিনে সরকারি ভাতা হাতিয়ে নিতে মসজিদের প্রকৃত ইমাম ও মুয়াজ্জিনকে বাদ দিয়ে স্থানীয় এক বিএনপি নেতার ছেলেকে ভুয়া ‘ইমাম’ বানিয়ে আবেদনের নজিরবিহীন অভিযোগ উঠেছে। উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ হাজি বাড়ি জামে মসজিদে ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, সৈয়দ হাজি বাড়ি জামে মসজিদে দীর্ঘদিন ধরে নিয়মিত ইমামতির দায়িত্ব পালন করছেন মাওলানা মো. ইউছুফ এবং মুয়াজ্জিন হিসেবে রয়েছেন সুলাইমান মৌলভি। অথচ সম্প্রতি শুরু হওয়া সরকারি সম্মানী ভাতার আবেদন তালিকায় তাঁদের নাম সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। সেখানে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও মসজিদ কমিটির সভাপতি মো. হান্নান প্রভাব খাটিয়ে নিজের ছেলে আকবর হোসেনকে ‘ইমাম’ এবং আহছান উল্লাহ নামের অপর এক ব্যক্তিকে ‘মুয়াজ্জিন’ হিসেবে তালিকাভুক্ত করেন।
জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসতেই ফুঁসে উঠেছেন স্থানীয় মুসল্লিরা। মসজিদের সেক্রেটারি আবুল কাশেম জানান, বছরের পর বছর ধরে যাঁরা মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন ও আজান দিচ্ছেন, সরকারি ভাতার তালিকা থেকে তাঁদের বঞ্চিত করে সভাপতি নিজের ছেলেকে বসিয়েছেন। বিষয়টি তদন্ত করে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তবে জালিয়াতির অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা হান্নান দাবি করেন, মুসল্লিদের সঙ্গে পরামর্শ করেই নতুনদের নাম দেওয়া হয়েছে এবং যাঁরা এ নিয়ে কথা বলছেন তাঁরা ‘ভুয়া’। এদিকে প্রকৃত ইমাম ও মুয়াজ্জিনের অধিকার ফিরিয়ে দিতে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মণের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
