আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যানে ওঠার সময় ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. আখতারুজ্জামান।
শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি শেষে তাকে প্রিজন ভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।
ভিডিও চিত্রে দেখা যায়, হেলমেট ও নিরাপত্তা ভেস্ট পরা পুলিশ সদস্যরা তাকে প্রিজন ভ্যানে তুলছিলেন। এ সময় ভ্যানের দরজায় দাঁড়িয়ে উপস্থিত গণমাধ্যমকর্মী ও জনতার উদ্দেশে উচ্চকণ্ঠে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন তিনি।
এর আগে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার প্রতিবাদ জানানোর ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পরে রিমান্ড ও জামিন শুনানির জন্য কড়া পুলিশি নিরাপত্তায় তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
