মানবিক দিক বিবেচনা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা সর্মির (৪৪) মুক্তির দাবি জানিয়েছেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম। সোমবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এই দাবি তুলে ধরেন।
ফেসবুক পোস্টে ছাত্রদল নেতা ফাহিম লেখেন, ‘মানবিক দিক বিবেচনা করে তাঁর মুক্তি চাই। তিনি ফ্যাসিস্ট এবং যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে যেহেতু তাঁর দুটি সন্তান প্রতিবন্ধী এবং তাঁকেই সন্তানদের দেখভাল করতে হয়, সেহেতু মানবিক দিক বিবেচনা করে নাশকতায় যেন আর সম্পৃক্ত না হন সেই নজরদারিতে রেখে তাঁকে মুক্তি দেওয়া হোক।’
এর আগে, শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর শেখ সাহেব বাজার এলাকা থেকে লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় শারমিন সুলতানা সর্মিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত সর্মি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
