উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ করা ‘পরিদর্শন কক্ষ’ অন্য কারও ব্যবহারের জন্য না দিয়ে শুধুমাত্র সংসদ সদস্যদের জন্য সংরক্ষণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা পরিষদের প্রশাসকের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৫ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট সংসদ সদস্য উপজেলা পরিষদের উপদেষ্টা। একই সঙ্গে উপজেলা পরিষদকে সংসদ সদস্যের পরামর্শ গ্রহণের বিধানও রয়েছে।
চিঠিতে আরও বলা হয়, সংসদ সদস্যদের উপজেলা পরিষদ-সংক্রান্ত উপদেষ্টামূলক কার্যক্রম পরিচালনা ও তদারকির সুবিধার্থে উপজেলা পরিষদে তাদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ নির্মাণ ও বরাদ্দ করা হয়েছে।
এ অবস্থায় সংসদ সদস্যদের নামে বরাদ্দ করা এসব কক্ষ অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য না দিয়ে শুধুমাত্র সংশ্লিষ্ট সংসদ সদস্যদের জন্য সংরক্ষণ করতে বলা হয়েছে।
একই সঙ্গে ‘পরিদর্শন কক্ষ’গুলোর যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইনটি পরবর্তী সময়ে ২০০৯ ও ২০২৬ সালে সংশোধন করা হয়েছে।
