রাজবাড়ীর পাংশায় জমি নিয়ে বিরোধ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে সিঙ্গাপুরপ্রবাসী এক ব্যক্তির মৎস্য প্রকল্পে হামলা, ভাঙচুর, কলাগাছ কেটে নেওয়া এবং পুকুরে বিষ প্রয়োগ করে লাখ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির নাম কালাম মন্ডল। তিনি পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
ভুক্তভোগী সিঙ্গাপুরপ্রবাসী আসাদ মন্ডলের অভিযোগ, ১৬-১৭ বছর বিদেশে শ্রম দিয়ে উপার্জিত অর্থ দিয়ে তিনি গ্রামে এই মৎস্য প্রকল্প গড়ে তোলেন। কিন্তু দীর্ঘদিন ধরে যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে নানাভাবে হয়রানি ও হুমকি দেওয়া হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বহিরাগত লোক নিয়ে আসাদ মন্ডলের মৎস্য প্রকল্পে হামলা চালিয়ে সীমানাপ্রাচীর ও তারকাঁটার বেড়া ভাঙচুর করা হয়। একই সঙ্গে পুকুরপাড়ের প্রায় ৫০ কাঁদি কলাগাছ কেটে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসার পর হামলাকারীরা ভুক্তভোগী পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেয়।
পরবর্তীতে মঙ্গলবার গভীর রাতে প্রকল্পের পুকুরে বিষ প্রয়োগ করা হয়। বুধবার সকালে পুকুরে বিপুলসংখ্যক মাছ মরে ভেসে উঠলে বিষয়টি জানাজানি হয়। এতে তাঁদের প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা মূল্যের মাছ মারা গেছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে কালাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তারকাঁটার বেড়া ভাঙচুর ও মাছ নিধনের ঘটনার প্রাথমিক সত্যতা মিলেছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
