কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাজুল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। ঘটনাটিকে কেন্দ্র করে সীমান্তের এপারে অবস্থানরত স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আত্মরক্ষার্থে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর সীমান্তের ১৫২/১০-এস নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাজুল হোসেন জামালপুর গ্রামের সাবাজ হোসেনের ছেলে। তিনি সকালে সীমান্তের শূন্যরেখার কাছে ঘাস কাটতে গেলে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের টহলদল তাঁকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে তাঁর কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত গুলিবিদ্ধ হয়।
বিএসএফের এই অনাকাঙ্ক্ষিত গুলিবর্ষণের পর সীমান্ত এলাকার স্থানীয় জনগণের সুরক্ষায় বিজিবি দ্রুত পাল্টা ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে ওই সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং বিজিবির টহল ও নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, গুলিতে আহত বাংলাদেশি নাগরিককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিতি বাড়িয়ে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
গুলিবিদ্ধ সাজুল হোসেনকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে থমথমে উত্তেজনা বিরাজ করছে।







