কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনা করা হয়েছে। এতে পাওয়া গেছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ এবং ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। তবে বৈদেশিক মুদ্রার গণনা এখনো শেষ হয়নি।
সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এসব মূল্যবান ধাতু ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ এবং গণনার কাজ শুরু হয়। জেলা জুয়েলারি সমিতির ১০ সদস্যের একটি দল এ কার্যক্রম পরিচালনা করে।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ। তিনি জানান, বৈদেশিক মুদ্রা গণনার কাজ চলমান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন আক্তার এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
