সরকার বিধবা কার্ডের ভাতা চালু করলে সংসদ সদস্যের (এমপি) স্ত্রীও সবার আগে তা দাবি করবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দেশে সরকারি সুযোগ-সুবিধা ও নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির কঠোর সমালোচনা করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখা এই সংবর্ধনা সভার আয়োজন করে।
সরকারি সুবিধার অপব্যবহার ও দুর্নীতির চিত্র তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, সম্প্রতি একটি সারের ডিলার নিয়োগের প্রক্রিয়ায় স্থানীয় এমপির ছেলে, মেয়ে এমনকি শ্যালিকাও ডিলারশিপ পেয়েছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতির এমন অধঃপতন ঘটেছে যে, বিধবাদের জন্য বরাদ্দ কার্ডও এমপির স্ত্রীরা সবার আগে নিজেদের নামে নেওয়ার জন্য উদগ্রীব থাকেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট সাম্প্রতিক অচলাবস্থা নিয়েও তিনি উষ্মা প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কিংবা সহকর্মীদের কেউই গ্রহণ করতে চাইছেন না। তা সত্ত্বেও তিনি ছাত্রদলের কতিপয় নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সার্কিট হাউসে বসে এতদিন অনলাইনে কাজ চালিয়েছেন এবং সম্প্রতি অফিস কক্ষের তালা ভেঙে প্রশাসনিক চেয়ার দখল করেছেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এনসিপির এই সংসদ সদস্য বলেন, সমাজে আদর্শ ও নীতি নৈতিকতার চরম অধঃপতন ঘটছে। যেসব শিক্ষকের কাছে শিক্ষার চেয়ে প্রশাসনিক পদ বড় হয়ে ওঠে, তাঁদের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সবসময় সচেতন ও সোচ্চার থাকতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।







