ভারতীয় আধিপত্যবাদের প্রতীক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির পায়ে রেখে ফেসবুকে ছবি পোস্ট করার অভিযোগে নোয়াখালীর সুবর্ণচরের বাঁধের হাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার নোয়াখালী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মহসিন রিয়াজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানের অনুমোদনে মারুফকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে গত রবিবার রাতে রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
এদিকে বহিষ্কারের পর তীব্র ক্ষোভ প্রকাশ করে নোয়াখালী জেলা ছাত্রদলকে ‘ভারতীয় দালাল দল’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা স্ট্যাটাস দিয়েছেন মারুফ। তিনি দাবি করেন, “চাঁদাবাজি, অনৈতিক কাজ কিংবা নেশাগ্রস্ত হলে তাকে বহিষ্কার করা হতো না, কিন্তু ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ও রবীন্দ্রনাথের বিরোধিতাল করায় তাঁকে এই শাস্তির মুখোমুখি হতে হয়েছে।”
