রাজধানীর খিলক্ষেতে চোরাই আলামত উদ্ধারে যাওয়া র্যাব ও পুলিশের যৌথ আভিযানিক দলের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান রেনুর নেতৃত্বে হামলা, উসকানি ও পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে।
গত সোমবার (১২ অক্টোবর) দুপুরে খিলক্ষেতের নিকুঞ্জ-২ আবাসিক এলাকার টানপাড়া রোডের ‘অনন্যা জুয়েলার্স’-এ এই ঘটনা ঘটে। এর আগে বোয়ালিয়া মডেল থানার একটি মামলার পলাতক আসামি মোড. রিয়াজুল ইসলামকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই সোনার চেইন উদ্ধারে সেখানে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ সদস্যের একটি বিশেষ দল।
এজাহারের বিবরণ অনুযায়ী, দোকানে আইনি কার্যক্রম চলার সময় বিএনপি নেতা মিজানুর রহমান রেনুর নেতৃত্বে মো. সাজু ও বাবলুসহ ৭-৮ জন সেখানে এসে যৌথ বাহিনীকে ঘেরাও করেন। এ সময় রেনু চেইনটি ফেরত না দেওয়ার জন্য উসকানি দেন এবং ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও সংঘবদ্ধ করার চেষ্টা চালান।
পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে যৌথ বাহিনীর ওপর চড়াও হয়। এজাহারে অভিযোগ করা হয়, রেনু ভারী লোহার রড দিয়ে কনস্টেবল মাহবুবুল হোসেন তপনকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন, যা তিনি হাত দিয়ে প্রতিহত করতে গেলে তপনের হাত ও হাঁটুতে গুরুতর জখম হয়। এ ছাড়া সাজুর বিরুদ্ধে র্যাবের ল্যান্স করপোরাল মো. ইসরাইল হোসেনকে কিল-ঘুষি, লাথি ও ছুরিকাঘাত এবং বাবলুর বিরুদ্ধে লাঠি দিয়ে কনস্টেবল গোলাম মোর্শেদকে পিটিয়ে জখম করার অভিযোগ রয়েছে।
পরিস্থিতি অবনতি হলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রেনু ও বাবলুসহ অন্য অভিযুক্তরা পালিয়ে যান। তবে এ সময় মো. সাজু (২৯) নামের একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। হামলায় আহত র্যাব ও পুলিশের তিন সদস্যকে উদ্ধার করে উত্তরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এই ঘটনায় পুলিশ পরিদর্শক এ কে এম জামাল উদ্দিন খান বাদী হয়ে খিলক্ষেত থানায় সরকারি কাজে বাধা, আক্রমণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও খিলক্ষেত থানার ওসি (অপারেশনস) মো. হাফিজুর রহমান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে পলাতক আসামি রেনু ও বাবলুসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। অপরাধী কাউকেই ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রশাসন।
