গোপনে আর্থিক সহায়তা গ্রহণ করলেও প্রকাশ্যে দেওয়া সেই সেলাই মেশিন শেষ পর্যন্ত ফেরত দিলেন কিশোরগঞ্জের কটিয়াদীর এক প্রয়াত বিএনপি নেতার বিধবা স্ত্রী। কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর জামষাইট গ্রামে প্রয়াত ওয়ার্ড বিএনপি সভাপতি সাইফুল ইসলামের পরিবারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ পাওয়ায় এবং রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় সেলাই মেশিনটি ফেরত দেওয়ার পর স্থানীয় রাজনীতিতে বেশ গুঞ্জন সৃষ্টি হয়েছে।
প্রয়াত বিএনপি নেতার স্ত্রী ঝুমা আক্তার এক ভিডিও বার্তায় জানান, স্বামীর এক বন্ধু ব্যক্তিগত উদ্যোগে এই সেলাই মেশিনটি দিয়েছেন বলেই তিনি জানতেন। কিন্তু উপহার দেওয়ার পর এটি সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে প্রচার করা হয় এবং গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এতে তিনি নিজের ও দলের ভাবমূর্তি নিয়ে অসন্তুষ্ট হন এবং নিজেকে বিএনপি পরিবারের সদস্য উল্লেখ করে সেলাই মেশিনটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। শনিবার সকালে স্থানীয় জামায়াত নেতাদের ডেকে তা ফেরত দেওয়া হয়।
কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান বলেন, পরিবারটি চরম আর্থিক সংকটে থাকায় মানবিক দৃষ্টিকোণ থেকেই এই সেলাই মেশিনটি উপহার দেওয়া হয়েছিল। এমনকি এর আগেও গোপন সূত্রে পরিবারটিকে আর্থিক সাহায্য করা হয়েছে বলে জামায়াত নেতারা জানান। কিন্তু জনসমক্ষে প্রচারের পর কোনো রাজনৈতিক টানাপোড়েন বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক—তা তারা চান না বলেই সেলাই মেশিনটি ফেরত নিয়েছেন।
অন্যদিকে স্থানীয় যুবদল ও বিএনপি নেতাদের দাবি, ব্যক্তিগত পর্যায়ের একটি সহায়তার বিষয়কে দলীয় ব্যানার ও সামাজিক মাধ্যমে প্রচার করায় পরিবারের সম্মান ও বিএনপি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের পক্ষ থেকে ইতোমধ্যে ওই পরিবারের জন্য শৌচাগার নির্মাণ, নলকূপ স্থাপন ও ঘরবাড়ির সংস্কারকাজ চালানো হচ্ছে বলে জানানো হয়। পাশাপাশি বিধবা ঝুমা আক্তারের স্থায়ী কর্মসংস্থানের জন্য একটি প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থাও করা হচ্ছে।







