সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতির দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতাদের অভিযোগ, রাষ্ট্রপতির বক্তব্য ইসলামের মৌলিক তাওহিদি বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক এবং এতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এ পরিস্থিতিতে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে এর সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সোমবার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
বিবৃতিতে হেফাজতের শীর্ষ নেতারা বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তির বক্তব্যে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও সতর্কতা বজায় রাখা জরুরি। ইসলামের মৌলিক আকিদা অনুযায়ী, মহান আল্লাহ তাআলাই সমগ্র বিশ্বজগতের একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও রক্ষাকর্তা। কোনো দেব-দেবীকে সমগ্র পৃথিবীর ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করা ইসলামের তাওহিদি বিশ্বাসের পরিপন্থী।
তারা আরও বলেন, রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যের ধর্মীয়, সামাজিক ও জাতীয় প্রভাব সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। বিশেষ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের অসতর্ক বা বিতর্কিত মন্তব্য জনপরিসরে অনাকাঙ্ক্ষিত বিতর্কের জন্ম দিতে পারে এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে।
ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ
বিবৃতিতে ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে হেফাজতের নেতারা বলেন, প্রত্যেক ধর্মাবলম্বীর নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আচার-অনুষ্ঠান পালনের পূর্ণ অধিকার রয়েছে। ইসলামও অন্য ধর্মের অনুসারীদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেয়।
তবে অন্য ধর্মের বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে ইসলামের মৌলিক আকিদার সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দেওয়া কোনোভাবেই সমীচীন নয় বলে মন্তব্য করেন তারা।
নেতৃদ্বয় আরও উল্লেখ করেন, নিজ নিজ ধর্মীয় বিশ্বাসের স্বাতন্ত্র্য ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখাই প্রকৃত ধর্মীয় সম্প্রীতির ভিত্তি। এ ক্ষেত্রে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের আরও সচেতন, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
বক্তব্য প্রত্যাহার না করলে প্রতিবাদের হুঁশিয়ারি
বিবৃতির শেষাংশে রাষ্ট্রপতির প্রতি সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করে বিষয়টি নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানায় হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সংগঠনটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় বিশ্বাসের প্রশ্নে আলেম-ওলামা এবং সাধারণ মুসলমানেরা প্রতিবাদে সোচ্চার হতে বাধ্য হবেন।
