বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নামে দুর্গাপূজা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডকে ভুয়া ও বানোয়াট দাবি করেছে দলটি। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।
মঙ্গলবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
জুবায়ের জানান, ফেসবুকে ‘জোবায়দা রহমান’ নামের একটি আইডি থেকে ‘দুর্গাপূজা শুধু হিন্দুদের নয়, এটি আমাদেরও: জামায়াত নেতা তাহের’ শিরোনামে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। তিনি ফটোকার্ডটিকে সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া বলে দাবি করেন এবং এ ধরনের অপপ্রচারের নিন্দা জানান।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানিত ব্যক্তিদের নাম ব্যবহার করে বানোয়াট তথ্য প্রচার এবং তাদের বিতর্কিত করে সম্মানহানির চেষ্টা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকা উচিত।
এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও আহ্বান জানিয়েছেন জামায়াতের এই নেতা।







