ধর্মের ভিত্তিতে বিভাজন না করে সৎকর্ম ও নাগরিক ঐক্যের ভিত্তিতে রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে উপস্থিত হিন্দু ধর্মাবলম্বী ভক্ত ও পূজা কমিটির নেতাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এ সময় তাঁর নেতৃত্বে এবি পার্টির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে পৌঁছালে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব ধর ও মহানগর সর্বজনীন পূজা কমিটির উপদেষ্টা কাজল দেবসহ অন্যান্য নেতৃবৃন্দ তাঁদের উষ্ণ স্বাগত জানান। পরে মঞ্জু পূজা কমিটির নেতাদের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে এবি পার্টির নেতারা পূজা দেখতে আসা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার পবন বাঢ়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। একই স্থানে গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত রায় চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্যে এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে একশ্রেণির কায়েমী স্বার্থান্বেষী গোষ্ঠী হিংসা-বিদ্বেষ ও বিভেদ ছড়ানোর চেষ্টা চালায়। অথচ কোনো ধর্মই মানুষকে হিংসা, হানাহানি কিংবা অন্যকে হেয় প্রতিপন্ন করতে শেখায় না। যে যার ধর্মের অনুসারী হোক না কেন, স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে সবার সাংবিধানিক অধিকার সমান ও অভিন্ন।”
তিনি আরও জোর দিয়ে বলেন, ‘ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার’—এই মূলনীতিকে ধারণ করেই এবি পার্টি পরিচালিত হচ্ছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি সব ধর্মের মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
এবি পার্টির প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় শ্রম সম্পাদক শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।







