গাজীপুরের কালীগঞ্জে চিহ্নিত এক মাদক কারবারিকে আটকের পর থানায় ফেরার পথে অজ্ঞাত কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও এক স্থানীয় বিএনপি নেতা নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন—কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) এবং কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তুমুলিয়া এলাকার রফিক মোল্লা (৪৫)। এছাড়া আহত পুলিশ সদস্য এসআই জাবেদ ওমর (২৮) ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন এবং গাড়িচালক রাব্বি (২৮) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তুমুলিয়া এলাকার চিহ্নিত মাদক কারবারি ওয়াহিদ মিয়াকে তার বাড়ি থেকে আটক করে। পরে তাকে নিয়ে থানায় ফেরার পথে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়ি থামিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে রফিক মোল্লার সঙ্গে কথা বলছিলেন এসআই মিজান, জাবেদ ওমর ও চালক রাব্বি।
এ সময় টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশালমুখী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান তাদের সজোরে চাপা দেয়। এতে এসআই মিজানুর রহমানকে টেনেহিঁচড়ে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে যায় গাড়িটি। পরে অন্য পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অবস্থায় এসআই মিজানুর রহমান ও জাবেদ ওমরকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৭ মিনিটে এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানের মৃত্যু হয়েছে এবং জাবেদ ওমর চিকিৎসাধীন আছেন। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
