ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি সুস্থ রয়েছেন এবং স্বাভাবিকভাবেই নিজের দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক ও সর্বোচ্চ নেতার প্রতিনিধি আবদুল মাজিদ হাকিম এলাহি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নিরাপত্তাজনিত কারণেই বর্তমানে মুজতবা খামেনি জনসমক্ষে বা গণমাধ্যমের সামনে আসছেন না।
আবদুল মাজিদ হাকিম এলাহি বলেন, “তিনি খুব ভালো আছেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন। গত সপ্তাহেই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তার প্রায় সাত থেকে আট ঘণ্টার বৈঠক হয়েছে। এছাড়া আমাদের পার্লামেন্টের স্পিকারও তার সঙ্গে দেখা করেছেন।”
বাবা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় মুজতবা খামেনি উপস্থিত ছিলেন না—এমন খবর নাকচ করে দিয়ে এই ইরানি কূটনীতিক বলেন, “আমি সে সময় ইরানেই ছিলাম। তিনি তার বাবার জানাজায় অংশ নিয়েছিলেন এবং সেখানে তার দুই ভাইয়ের সঙ্গেও আমার দেখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে তাকে সবার সামনে দেখা যায়নি।” তিনি আরও জানান, মুজতবা খামেনি মাঝে মাঝে রাতের বেলায় বের হন এবং সাধারণ মানুষের সমাবেশেও অংশ নেন।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরান যুদ্ধের কারণে দেশটি বর্তমানে কে পরিচালনা করছে তা কেউ জানে না। ট্রাম্পের এমন মন্তব্যের পরেই ইরানি কূটনীতিকের কাছ থেকে এই প্রতিক্রিয়া এলো।
