ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়েছে দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ মর্মান্তিক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চুয়াডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জুর (৫৫) পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। এরপর সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এছাড়া আহতদের মধ্যে ১১ জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং বাকি ৫ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
