২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে সংঘটিত লগি-বৈঠার ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে সংঘটিত লগি-বৈঠার ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম কলঙ্কজনক অধ্যায়। তাঁর দাবি, সেদিনের হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মধ্য দিয়ে দেশে দীর্ঘস্থায়ী ফ্যাসিবাদী শাসন, গণতন্ত্রের অবক্ষয় এবং নাগরিক অধিকার হরণের পরিস্থিতি তৈরি হয়েছিল।
জামায়াতের এই নেতা বলেন, ঐতিহাসিক ওই ঘটনার দুই দশক পূর্ণ হতে চললেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হয়নি। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে জানানো হয়, ২৮ অক্টোবরের ঘটনার বিচারের দাবিতে কেন্দ্রীয়ভাবে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির প্রথম দিনে, আগামী ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এ ছাড়া ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। ঘোষিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য দলের সব পর্যায়ের শাখার প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে কর্মসূচিতে অংশ নিয়ে তা সফল করতে কৃষক, শ্রমিক, ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।







