জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। এই মাদকবিরোধী অভিযানে ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রাতে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত এসব বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ২১৭ বোতল ভারতীয় মদ এবং একটি ১৫০ সিসির সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন—ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭), বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭) ও মো. সিফাত (২০), গাজীপুরের মো. রুবেল মিয়া (২৭) এবং বকশীগঞ্জের নিলক্ষিয়া মির্ধাপাড়া গ্রামের মো. ফুরকান হোসেন (১৯)।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের জামালপুর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। সীমান্ত দিয়ে মাদক পাচার এবং এর সাথে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে আমাদের এই জোরালো অভিযান অব্যাহত থাকবে।”
