আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের সবুজ সংকেত পেলে বিতর্কিত ‘ক্রসফায়ার’ ফিরিয়ে আনার ইঙ্গিত দেওয়ায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বিরুদ্ধে চরম ক্ষোভ ও কড়া সমালোচনা ব্যক্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আইজিপির এই বক্তব্যকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রকাশ্য উসকানি হিসেবে আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) রাজধানীর মুগদায় এনসিপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালনকালে হাসনাত আবদুল্লাহ এসব বিস্ফোরক মন্তব্য করেন। আগামী ৩০ অক্টোবরের রাষ্ট্রীয় দুর্নীতি, লাগামহীন দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যেই এই মাঠপর্যায়ের প্রচারপত্র বিলি করা হয়।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ আইজিপির তীব্র সমালোচনা করে বলেন, বর্তমান আইজিপি আলী হোসেন ফকির ডিবির সাবেক বিতর্কিত কর্মকর্তা হারুন কিংবা বেনজীরেরই প্রতিচ্ছবি, যার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ঐতিহ্যবাহী পুলিশ বাহিনীর ভাবমূর্তি আবারও মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। আইজিপি যেভাবে প্রকাশ্যে নাগরিকদের ক্রসফায়ারের হুমকি দিচ্ছেন, সরকার তাঁর বিরুদ্ধে দ্রত পদক্ষেপ না নিলে ধরে নেওয়া হবে যে বর্তমান সরকারও গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পুরনো অন্ধকার পথেই হাঁটছে।
দেশের সামগ্রিক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনযাত্রায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে। দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির কোনো উদ্যোগ নেই, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে। তিনি দাবি করেন, জনগণ বর্তমান বিএনপি সরকারের প্রতি তাদের আস্থা হারিয়ে ফেলেছে এবং যেসব ভোটার বিএনপিকে ভোট দিয়েছিল, তারা এখন চরম অনুশোচনায় ভুগছে।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ স্পষ্ট জানান, “আমরা কোনো গুন্ডা কিংবা হুন্ডা নিয়ে জনগণের কাছে ভোট চাইতে যাব না, আপনারাও কোনো টাকা বা প্রলোভনে পড়ে ভোট দেবেন না। বিনা পয়সায় ভোট দেবেন, নাগরিক হিসেবে বিনা পয়সায় সেবা পাবেন।” একই সঙ্গে তিনি এলাকার মোড়ে মোড়ে গড়ে ওঠা নতুন চাঁদাবাজদের বিষদাঁত ভাঙতে আগামী সিটি নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
আইজিপির বক্তব্যের রেশ ধরে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এনসিপি নেতা সতর্কবার্তা জারি করে বলেন, “আপনাদের গায়ের পোশাক ও বেতন জনগণের রক্তের ট্যাক্সের টাকায় আসে। আপনারা কোনো দল বা ব্যক্তিস্বার্থের অনুগত পুলিশ নন। তাই আগামী নির্বাচনে দলীয় এজেন্ডা বাস্তবায়ন ছেড়ে নিরপেক্ষভাবে জনগণের নিরাপত্তার দায়িত্বে মনোনিবেশ করুন।”
এর আগে, সোমবার দুপুরে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ‘কমিউনিটি ইসলামিক’ সেবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি মো. আলী হোসেন ফকির এক বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, “পুলিশ বলপ্রয়োগ করলে ফ্যাসিস্ট বলা হয়, আর নিষ্ক্রিয় থাকলে দুর্বল ভাবা হয়। সমাজে আইনশৃঙ্খলা রক্ষায় যেখানে ক্রসফায়ার প্রয়োজন, সরকার যদি অনুমোদ দেয়—আমরা সেটাই করব।” আইজিপির এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই মানবাধিকার সংস্থা ও রাজনীতি অঙ্গনে তীব্র বিতর্কের ঝড় বইছে।
