গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সহকর্মীকে থাপ্পড় মারার ঘটনায় সংশ্লিষ্ট ইনচার্জের পদত্যাগের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সোমবার (২৬ অক্টোবর) থেকে কারখানাটি বন্ধ রাখা হয়েছে।
সোমবার সকালে কারখানার প্রধান ফটকে প্রধান পরিচালন কর্মকর্তা সাব্বির আহমেদ ওসমানীর স্বাক্ষরিত বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, গত শনিবার (২৪ অক্টোবর) দুপুর থেকে এবং রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকে শ্রমিকরা বেআইনিভাবে কাজ বন্ধ রেখে কারখানায় বিশৃঙ্খল আচরণ করেন। কারখানার সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে কারখানা খোলার উপযুক্ত পরিবেশ তৈরি হলে পুনরায় চালুর তারিখ জানিয়ে দেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
তবে কর্তৃপক্ষের অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন কয়েকজন শ্রমিক। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, সুইং সেকশনের এক জ্যেষ্ঠ অপারেটরকে থাপ্পড় মারার ঘটনায় সংশ্লিষ্ট ইনচার্জের পদত্যাগের দাবিতে তারা কর্মবিরতি পালন করছিলেন। এ অবস্থায় শ্রমিকদের দাবি বিবেচনা না করে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কারখানার এক সুইং অপারেটর বলেন, “গত শনিবার দুপুরে সুইং সেকশনের সিনিয়র অপারেটরকে থাপ্পড় মারেন ইনচার্জ। এরপর ওই ইনচার্জের পদত্যাগের দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন। তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।”
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সোমবার থেকে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের দাবি, সংশ্লিষ্ট একজন স্টাফকে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। এ নিয়ে গত দুই দিন ধরে শ্রমিকরা কর্মবিরতি পালন করছিলেন।
তিনি আরও জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কারখানার সামনে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।
