অপরাধ দমনে ক্রসফায়ারের মতো আইনবহির্ভূত পদ্ধতি ফিরিয়ে আনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ক্রসফায়ার-সংক্রান্ত বক্তব্য সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে বলেও মনে করেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিনামূল্যে চিকিৎসা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
আইজিপির বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। এমন পরিস্থিতিতে পুলিশের শীর্ষ কর্মকর্তার ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে বক্তব্য উদ্বেগের সৃষ্টি করেছে এবং সরকারকেও বিব্রতকর অবস্থায় ফেলেছে।
তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে দেশে পর্যাপ্ত আইন রয়েছে। প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। আইনবহির্ভূত পদ্ধতি অনুসরণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। তাই পুলিশকে অবশ্যই প্রচলিত আইনের আওতায় থেকে দায়িত্ব পালন করতে হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, গত ১৭ বছর গুম, খুন ও দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। তাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের জন্য নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে যুবসমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, তরুণদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। কোনোভাবেই টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে জড়ানো যাবে না। যুবকদের কর্মকাণ্ডে সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, দেশের অগ্রগতি ও মানুষের কল্যাণে যুবসমাজকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। তরুণদের দায়িত্বশীল কর্মকাণ্ডের মধ্য দিয়েই একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
