আওয়ামী লীগ সরকারের মতো বর্তমানেও দেশ লুটপাট হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
গত বুধবার (২৮ অক্টোবর) দেশের একটি গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে তাঁকে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এ কথা বলতে শোনা যায়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশে পরিবর্তন করতে হবে। এটা তারেক জিয়ার শুধু দেশ নয়, এটা আমাদেরও দেশ। সে ইচ্ছামতো লুটেপুটে খাবে, এ দেশে এটা আমরা করতে দেব না।”
শেখ হাসিনার শাসনের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে তিনি আরও বলেন, “একটা সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা খেয়েছে। ওই চেয়ারে বসে এখন তারেক রহমান খাচ্ছে। এই জন্য কি বাংলাদেশের মানুষ ১ হাজার ৪০০ জীবন দিয়েছে? আমরা জীবন দিয়েছি। সবকিছুর পরিবর্তন হবে।”
এ সময় দেশের বিভিন্ন খাতের অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেকেই সরকারি চাকরি না করেও ঘরে বসে বেতন তুলছেন, কিংবা সরকারি বাসের চালকরা নিজেরা গাড়ি না চালিয়ে অন্যকে দিয়ে গাড়ি চালিয়ে নিজে কমিশন খাচ্ছেন। এ ধরনের অনিয়ম ও দুর্নীতির অবসান ঘটিয়ে দেশের সার্বিক পরিবর্তন আনার ওপর জোর দেন তিনি।
