চার দফা দাবি আদায়ে আজ শুক্রবার রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন দলটির নেতা আখতার হোসেন। এ ছাড়া, এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্যসহ দলের শীর্ষ নেতারা কর্মসূচিতে বক্তব্য দেবেন।
এনসিপির চার দফা দাবির মধ্যে রয়েছে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ। পাশাপাশি একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে দলটি।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে মানবাধিকার ও বাক্স্বাধীনতার পরিপন্থি সব আইন বাতিল এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস না করা।
এ ছাড়া, জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করে অবিলম্বে রায় কার্যকরের দাবিও জানিয়েছে এনসিপি।
দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে অনুষ্ঠিতব্য এ গণবিক্ষোভে এনসিপির নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে।
