পঞ্চগড়ের দেবীগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশনের সত্যতা মিলেছে। এই অনভিপ্রেত ঘটনার জেরে তাৎক্ষণিকভাবে চিলাহাটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৬) দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকুর রহমান (আকাশ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অধীনস্থ ১ নম্বর চিলাহাটি ইউনিয়ন শাখা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় কোনো ধরনের অশ্লীলতা বা অরুচিকর কর্মকাণ্ড যেন না হয়, সে বিষয়ে আয়োজকদের কঠোর নির্দেশনা দিয়ে সতর্ক করেছিলেন প্রতিমন্ত্রী নিজে।
কিন্তু কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতার সেই স্পষ্ট নির্দেশনা সরাসরি অমান্য করেই মঞ্চে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। এই ধরনের শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডে ছাত্রসংগঠনটির ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঘটনার পর দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান সুমন ও সদস্য সচিব মো. মেহেদি হাসান তুহিনের যৌথ নির্দেশক্রমে চিলাহাটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত বলে গণ্য করা হয়।
এর আগে শুক্রবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চিলাহাটির এই অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশন নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি স্পষ্টভাষায় জানান, অনুষ্ঠানে কোনো ধরনের অশ্লীলতা না করার পূর্বনিদের্শনা থাকা সত্ত্বেও তা উপেক্ষা করা হয়েছে। এ ধরনের অবাধ্যতা ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেন প্রতিমন্ত্রী।







