রাজধানীর ওয়ারীতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গোপনে ‘কুশ’ চাষের একটি বিশেষায়িত ল্যাব গড়ে তোলার অভিযোগে তৌসিফ হাসান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থান করেও দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে ল্যাবটির তাপমাত্রা নিয়ন্ত্রণ ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করতেন তিনি।
রোববার সকাল ৯টার দিকে রাজধানীর ওয়ারীর র্যাংকিন স্ট্রিটের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০টি মেথামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং ইয়াবা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান জানান, চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টার একটি ঘটনা তদন্ত করতে গিয়ে তৌসিফের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এর সূত্র ধরে ওয়ারীর ওই বাসায় অভিযান চালানো হলে কুশ চাষের জন্য বিশেষভাবে তৈরি একটি ল্যাবের সন্ধান পান কর্মকর্তারা।
অভিযানে যুক্তরাষ্ট্র থেকে আনা কুশের বীজ, চাষ করা গাছ, সদ্য সংগ্রহ করা কুশ, চাষের বিভিন্ন উপকরণ, সিসা সেবনের সরঞ্জাম ও বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে তৈরি তাপমাত্রা নিয়ন্ত্রিত একটি বিশেষ কক্ষের ভেতরে একাধিক টবে কুশ চাষের প্রমাণ পাওয়া যায়।
ডিএনসির কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তৌসিফ যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কুশ চাষের কৌশল শেখেন। পরে দেশে ফিরে নিজের বাসায় বিশেষায়িত ল্যাব স্থাপন করেন। বিদেশে অবস্থান করেও প্রযুক্তির সাহায্যে ল্যাবের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং চাষের পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করতেন তিনি। এ কাজে তাঁর এক বান্ধবী সহযোগিতা করতেন বলেও তদন্তে উঠে এসেছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ওই বান্ধবীর মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের সাহায্যে ৩২টি ইয়াবা ট্যাবলেট যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। ডিএনসির অভিযানে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় তৌসিফের বান্ধবী ও বাসার তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করা হয়েছিল। পরে টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা মামলায় তৌসিফকে পলাতক আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। দীর্ঘদিন ধরে তাঁকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল অধিদপ্তর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌসিফ ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা ও কুশ সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ডিএনসি। তাঁর মাদক সংগ্রহের উৎস, সরবরাহব্যবস্থা এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় ওয়ারী থানায় নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসির কর্মকর্তারা জানান, কুশ একধরনের বিশেষ গাঁজা, যা সাধারণত ক্যানাবিস ইন্ডিকা প্রজাতির সঙ্গে সম্পর্কিত এবং এর কিছু জাতের মাদকীয় প্রভাব তুলনামূলকভাবে তীব্র হতে পারে। আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের সীমান্তবর্তী হিন্দুকুশ পর্বতমালা থেকে এই বিশেষ জাতের গাঁজার নামকরণ হয়েছে বলে প্রচলিত রয়েছে। সাধারণত এর শুকনো ফুল ধূমপান বা ভেপের মাধ্যমে সেবন করা হয়। এর উচ্চমাত্রার মাদকীয় উপাদান শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।
